পর্নোগ্রাফি তৈরি ও আন্তর্জাতিক প্ল্যাটফর্মে নিয়মিত আপলোডের অভিযোগে আলোচিত এক বাংলাদেশি তারকা যুগলকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল রোববার (১৯ অক্টোবর) রাতে বান্দরবান জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার (২০ অক্টোবর) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান। তিনি জানান, এই দম্পতি বিদেশি ওয়েবসাইটে নিয়মিত পর্নোগ্রাফিক কনটেন্ট আপলোড করতেন এবং তাদের পরিচালিত চ্যানেলটি বিশ্বের জনপ্রিয় পর্নো সাইটগুলোর মধ্যে শীর্ষস্থানে উঠে আসে।
জানা যায়, এই যুগল বাংলাদেশেই বসে ভিডিও ধারণ, সম্পাদনা ও আপলোড করার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করছিলেন। তাদের এই কার্যক্রমের মাধ্যমে দেশে পর্নো ভিডিও তৈরি ও প্রচারের একটি নেটওয়ার্ক গড়ে উঠছিল বলে সিআইডি জানিয়েছে।
বাংলাদেশের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুযায়ী, পর্নোগ্রাফি উৎপাদন ও বিতরণ একটি ফৌজদারি অপরাধ। উল্লেখ্য, সম্প্রতি অনুসন্ধানভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডিসেন্ট একটি প্রতিবেদনের মাধ্যমে এই যুগলের আন্তর্জাতিক প্ল্যাটফর্মে সক্রিয়তার বিষয়টি সামনে আনে। সিআইডি জানিয়েছে, তাদের বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।