আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে নতুন করে চার হাজার সহকারী উপপরিদর্শক (এএসআই) নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই পদগুলো অস্থায়ীভাবে সৃজন করে ধাপে ধাপে স্থায়ী করার প্রক্রিয়া শুরু হচ্ছে।
সোমবার (২০ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখার উপসচিব আবু সাঈদের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশের সাংগঠনিক সক্ষমতা বাড়াতে রাজস্ব খাতে গ্রেড-১৪ এএসআই (নিরস্ত্র) পদে ৪ হাজার নতুন পদ সৃজনের অনুমোদন দেওয়া হয়েছে। এসব পদ বছর বছর সংরক্ষণের ভিত্তিতে কার্যকর থাকবে।
এতে আরও উল্লেখ করা হয়, সাংগঠনিক কাঠামোতে অনুমোদিত পদগুলো অন্তর্ভুক্ত করে হালনাগাদ তালিকা দ্রুত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে হবে। পাশাপাশি পদ সংরক্ষণ ও স্থায়ীকরণের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে। অর্থ বিভাগের জিও তারিখ থেকেই নতুন পদগুলো কার্যকর হবে বলে জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ১৯৪৩ সালের Police Resolution of Bengal অনুযায়ী এসব পদ পূরণ করা হবে। এ ছাড়া নিয়োগ প্রক্রিয়ায় জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের আরোপিত শর্তাবলি কঠোরভাবে মানতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ উদ্যোগের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের মানবসম্পদ আরও শক্তিশালী হবে।