Skip to main content

Ridge Bangla

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিট বন্ধ

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৭টা থেকে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

একাধিক সূত্র জানায়, পার্বতীপুর কয়লা খনি থেকে সরবরাহকৃত কয়লায় ৫২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষম এই কেন্দ্রটি দীর্ঘদিন ধরেই নানা প্রযুক্তিগত সমস্যায় ভুগছে। গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৮টা ৩৫ মিনিটে ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিট হঠাৎ বন্ধ হয়ে যায়। এরপর সোমবার সকালে ১২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার প্রথম ইউনিটও যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে পড়ে।

অন্যদিকে, সমপরিমাণ ক্ষমতার দ্বিতীয় ইউনিটটি ২০২০ সালের নভেম্বর থেকে সংস্কার কাজের জন্য বন্ধ রয়েছে। ফলে প্রায় চার বছর আট মাস ধরে সেটিতে বিদ্যুৎ উৎপাদন বন্ধ। সব মিলিয়ে বর্তমানে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিটই অচল হয়ে পড়েছে।

তিনটি ইউনিট বন্ধ থাকায় উত্তরাঞ্চলে বিদ্যুতের তীব্র সংকট দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে কৃষি, শিল্প ও গৃহস্থালি খাতে। বিশেষ করে সেচ কার্যক্রমে ব্যাপক সমস্যার কথা জানিয়েছেন স্থানীয় কৃষকরা।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক বলেন, “যান্ত্রিক ত্রুটির কারণে চলমান ১ ও ৩ নম্বর ইউনিট হঠাৎ বন্ধ হয়ে গেছে। ২ নম্বর ইউনিটটি আগেই মেরামতের জন্য বন্ধ ছিল। মেরামতের কাজ শেষ না হওয়া পর্যন্ত কোনো ইউনিট চালু করা সম্ভব নয়।”

This post was viewed: 61

আরো পড়ুন