Ridge Bangla

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৩ কর্মকর্তার বিরুদ্ধে নির্যাতন মামলা

রাজধানীতে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৩ কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে জিজ্ঞাসাবাদের নামে নির্যাতনের অভিযোগে মামলা করেছেন জুলাইযোদ্ধা বুলবুল শিকদারের স্ত্রী সাবিনা ইয়াসমিন। মঙ্গলবার (১৪ অক্টোবর) তার জবানবন্দি গ্রহণ করে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী ইলতুতমিশ সওদাগর এ্যানি জানান, আসামিদের মধ্যে রয়েছেন সিনিয়র ভেরিফিকেশন অফিসার ইফতেখার হোসেন, কর্মকর্তা সাগর, মেহেদী হাসান প্রিন্স, সাবরিনা আফরোজ শ্রাবন্তী, আফজালু রহমান সায়েম, সাইদুর রহমান শাহিদ, ফাতেমা আফরিন পায়েল, রেজা তানভীর, রাকিন, শামীম রেজা খান, সোনিয়া আক্তার লুবনা, আলিফ ও জাহিদ।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই ফ্যাসীবাদবিরোধী বর্ষাবিপ্লব চলাকালে বাদীর স্বামী ও ছেলে চিটাগাং রোডে পুলিশ ও সরকারদলীয় সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন। আহতদের স্বীকৃতি ও ক্ষতিপূরণের দাবিতে ২০২৫ সালের ২০ মার্চ তারা জুলাই স্মৃতি ফাউন্ডেশনের অফিসে গেলে ফাউন্ডেশনের কর্মকর্তারা তাদের জিজ্ঞাসাবাদের নামে হেনস্তা করেন।

বাদীর দাবি, ইফতেখার হোসেন ও অন্য আসামিরা তার স্বামীকে আলাদা কক্ষে নিয়ে কয়েক ঘণ্টা ধরে মারধর করেন এবং তাকে ‘ভুয়া জুলাই যোদ্ধা’ বলে হুমকি দেন। একই সঙ্গে বাদীকে ভয়ভীতি দেখানো ও শারীরিকভাবে নির্যাতন করা হয়। অভিযোগে আরও বলা হয়, আসামিরা তাদের ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং জোরপূর্বক মিথ্যা স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করে।

নির্যাতনের পর বুলবুল শিকদার মানসিকভাবে অসুস্থ হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। পরে সুস্থ হয়ে তার স্ত্রী আদালতে এ মামলা করেন।

This post was viewed: 61

আরো পড়ুন