Ridge Bangla

৩৫ বছর পর চাকসু নির্বাচন আজ

দীর্ঘ ৩৫ বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচন। বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। এবারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ওএমআর ব্যালট পদ্ধতিতে।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন জানিয়েছেন, প্রতিটি ব্যালটে থাকবে ২৪ অঙ্কের নিরাপত্তা কোড ও একটি গোপন কোড, যা মেশিনে শনাক্তযোগ্য। বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনে স্থাপন করা হয়েছে ১৫টি ভোটকেন্দ্র ও ৬১টি ভোটকক্ষ। চাকসুর ২৬টি পদের জন্য লড়ছেন ৪১৫ জন প্রার্থী, আর হল ও হোস্টেল সংসদের ২৪টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৯৩ জন। মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন।

এবারের নির্বাচনে অংশ নিচ্ছে ১৩টি প্যানেল। এর মধ্যে রয়েছে ছাত্রদল, ছাত্রশিবির, বাম, বৈচিত্র্য ঐক্য, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র মজলিস, ইসলামী ছাত্র আন্দোলন ও সুফীপন্থি শিক্ষার্থীদের ‘অহিংস শিক্ষার্থী ঐক্য’।

নির্বাচন ঘিরে গড়ে তোলা হয়েছে কঠোর নিরাপত্তা বলয়। নিরাপত্তায় থাকছে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তাকর্মী, পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিস, রিজার্ভ ফোর্স, গোয়েন্দা সংস্থা, বিএনসিসি ও রোভার স্কাউট। মাঠে থাকবেন পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১ হাজার ৫০ জন পুলিশ ও র্যাবের সাইকেল ইউনিটের ৪০ সদস্য। প্রয়োজনে বিজিবি ও সেনাবাহিনীর সহায়তা নেওয়া হবে।

প্রক্টর ড. হোসেন শহীদ সোহরাওয়ার্দী বলেন, “শিক্ষার্থীরা যেন নিরাপদে ভোট দিতে পারে, সে জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।” নির্ধারিত তিনটি প্রবেশপথে (কাটা পাহাড়, ৩ নম্বর গোডাউন ও শহীদ মিনার আর্চওয়ে) প্রবেশ করা যাবে বৈধ আইডি কার্ড বা ব্যাংক পে-স্লিপ দেখিয়ে। শিক্ষার্থীদের যাতায়াতের জন্য আজ শাটল ট্রেন ১১ বার এবং ৩০টি বাস চলাচল করবে।

This post was viewed: 54

আরো পড়ুন