Ridge Bangla

রিমান্ডে পরীমনির অভিজ্ঞতা এবার বড়পর্দায়

অভিনেত্রী পরীমনি এবার জীবনের এক কঠিন অধ্যায় নিয়ে বড় পর্দায় আসতে যাচ্ছেন। চার বছর আগে মাদক মামলায় গ্রেপ্তার হওয়ার পর তার রিমান্ড ও কারাবাসের বাস্তব অভিজ্ঞতা এবার সিনেমায় রূপ নিতে পারে। ২০২১ সালে র্যাবের হাতে গ্রেপ্তার হন পরী। তার বাসায় প্রায় চার ঘণ্টা অভিযান চালিয়ে বিভিন্ন আলামত জব্দ করা হয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। সেই ঘটনায় পরীমনি মোট তিন দফায় সাত দিন রিমান্ডে ছিলেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সময়ের অভিজ্ঞতা শেয়ার করেছেন অভিনেত্রী। রিমান্ড প্রসঙ্গে তিনি বলেন, “রিমান্ড একটা ফালতু জিনিস। সেখানে মানুষকে ভয় দেখানোর জন্য বড় বড় ছবি লাগানো থাকে। কিন্তু এগুলো দেখে কেউ ভয় পায় না। আমি বলেছিলাম এগুলো বদলানো উচিত।”

কারাগারে নির্যাতনের প্রশ্নে পরী বলেন, “আমাকে কেন আটক করা হয়েছিল, তারাই জানত না। একজন আরেকজনকে জিজ্ঞেস করত। ওরা নিজেরাই বিভ্রান্ত ছিল।”

পরীমনি জানিয়েছেন, জেল থেকে মুক্তি পাওয়ার পরপরই তিনি নিজের অভিজ্ঞতা নিয়ে একটি বই লিখেছেন। ভবিষ্যতে তার ছেলে সেই বই প্রকাশ করবেন। সেই গল্প থেকেই ভবিষ্যতে সিনেমা তৈরির ইঙ্গিত দিয়েছেন পরী। তিনি বলেন, “আমার ছেলে বড় হয়ে বইটা প্রকাশ করবে। চাইলে এটাকে সিনেমা বানাতেও পারি।”

কারাবাসের সময়ের অনুভূতি নিয়ে তিনি বলেন, “জেলখানা নিয়ে আমি কখনও কিছু বলিনি। বলতেও চাই না। কারণ সত্যিটা মানুষ জানলে আইনের প্রতি শ্রদ্ধা হারাবে।” তবে জেলের খাবার প্রসঙ্গে ভিন্ন অভিজ্ঞতা ছিল তার। পরীর ভাষায়, “জেলখানার খাবার অনেক স্বাস্থ্যকর। এমনকি অনেক সময় নষ্টও হয়। রান্না হয় ফ্রেশভাবে, পুরো জায়গাটা বেশ ওয়েল মেইনটেইন।”

This post was viewed: 58

আরো পড়ুন