Skip to main content

Ridge Bangla

বিনিয়োগকারীদের সুরক্ষায় গভর্নরকে চিঠি দিয়েছে বিএসইসি

শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচটি ইসলামি বাণিজ্যিক ব্যাংকের একীভূতকরণ প্রসঙ্গে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার দাবি জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে একটি চিঠি পাঠিয়েছে সংস্থাটি।

বিএসইসির চিঠিতে বলা হয়, একীভূতকরণের সিদ্ধান্তে যেখানে আমানতকারীদের সম্পূর্ণ সুরক্ষার কথা বলা হয়েছে, সেখানে তালিকাভুক্ত ব্যাংকগুলোর সাধারণ শেয়ারহোল্ডার বা ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার কোনো দিকনির্দেশনা নেই। তাই বিনিয়োগকারীদের আর্থিক ক্ষতি ঠেকাতে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

চিঠিতে বিএসইসি চারটি নির্দিষ্ট প্রস্তাব দিয়েছে—
• ব্যাংকগুলোর লাইসেন্স, ব্র্যান্ড ভ্যালু, ব্রাঞ্চ নেটওয়ার্ক, ক্লায়েন্ট বেজ ও মানবসম্পদসহ সামগ্রিক সম্পদমূল্য পুনর্মূল্যায়ন করে বিনিয়োগকারীর অংশ নির্ধারণ করা।
• ব্যাংকের ঋণ জামানত, দায়ী ব্যক্তিপণ ও তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তি বিবেচনায় এনে বিনিয়োগকারীর স্বার্থমূল্য নির্ধারণ করা।
• ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ-২০২৫ এর ধারা ৭৭ অনুযায়ী দায়ী ব্যক্তি ছাড়া অন্য সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ন্যূনতম ক্ষতিপূরণমূল্য নির্ধারণ করা।
• বিনিয়োগকারীর স্বার্থমূল্য অনুপাত নির্ধারণ ও ঘোষণা না করে কোনো ব্যাংককে তালিকাচ্যুত না করার অনুরোধ জানানো।

বিএসইসি আরো মনে করে, একীভূত ব্যাংকের তালিকাভুক্তি প্রক্রিয়ায় সাধারণ বিনিয়োগকারীদের সম্পূর্ণ বঞ্চিত করা হলে শেয়ারবাজারে আস্থা আরও ভেঙে পড়বে। সরকার যেমন আমানতকারীদের নিরাপত্তা নিশ্চিত করছে, তেমনি শেয়ারহোল্ডারদেরও একই গুরুত্ব দেওয়া জরুরি বলে কমিশন মনে করে।

This post was viewed: 98

আরো পড়ুন