Ridge Bangla

দর্শকের কাছে কৃতজ্ঞ ইধিকা, ‘রঘু ডাকাত’ বক্স অফিসে চমক দেখাচ্ছে

দুই বাংলার চলচ্চিত্র জগতে দ্রুতই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন ইধিকা পাল। অল্প সময়ের মধ্যেই অভিনয় দিয়ে কোটি দর্শকের হৃদয় জয় করেছেন তিনি। সম্প্রতি দুর্গাপূজা উপলক্ষে ভারতে মুক্তি পেয়েছে ইধিকা অভিনীত নতুন ছবি ‘রঘু ডাকাত’, যেখানে তার বিপরীতে রয়েছেন দেব। ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় ইধিকা সৌদামিনী চরিত্রে অভিনয় করেছেন।

মুক্তির পরই সিনেমাটি বক্স অফিসে চমক দেখাচ্ছে। ইধিকা বলেন, “রঘু ডাকাত এখন পর্যন্ত কয়েক কোটি টাকার ব্যবসা করেছে। দর্শকদের ভালোবাসা দেখে আমি অভিভূত। এটি সত্যিই আমার জন্য বিশেষ একটি মুহূর্ত।” তিনি আরও যোগ করেন, “প্রিয়তমা থেকে শুরু করে খাদান, বরবাদ—সব সিনেমাতেই দুই বাংলার দর্শকরা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তার তুলনা হয় না। এই ভালোবাসাই আমাকে সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয়।”

১৯৯৮ সালের ২ জুলাই জন্ম নেওয়া ইধিকা পালের অভিনয় জীবন শুরু হয় ২০১৯ সালে টেলিভিশন ধারাবাহিক ‘আরব্য রজনী’ এর মাধ্যমে। এরপর তিনি ‘কপালকুণ্ডলা’, ‘বেদের মেয়ে জ্যোৎস্না’, ‘রিমলি’ এবং ‘পিলু’-তে অভিনয় করেন। বিশেষ করে ‘রিমলি’ ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় তাকে টেলিভিশন থেকে চলচ্চিত্রে ধাপে ধাপে পরিচিতি এনে দেয়।

দুই বাংলার দর্শককে ধন্যবাদ জানিয়ে ইধিকা বলেন, “দর্শকদের ভালোবাসা ছাড়া কোনো অভিনেতা এগোতে পারে না। এই ভালোবাসা আমাকে সবসময় নতুন চ্যালেঞ্জ গ্রহণের শক্তি দেয়।”

This post was viewed: 56

আরো পড়ুন