Ridge Bangla

মধ্যরাতে ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

সোমবার (১৩ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দু’পক্ষ লাঠিসোটা নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়, পরে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। এতে নিউমার্কেট ও নীলক্ষেত এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এবং আশপাশের বাসিন্দা ও ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েন।

প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের বরাত দিয়ে জানা গেছে, সংঘর্ষের শুরু হয় ঢাবির শাহনেওয়াজ হলের সামনে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে। পরে উত্তেজনা ক্রমশ বেড়ে ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

ঘটনাস্থলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম এবং অন্যান্য ছাত্রনেতারা উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উভয়পক্ষকে আলাদা করে নিরাপত্তা নিশ্চিত করে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউমার্কেট জোনের এসি মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, “ঘটনাস্থল থেকে উভয়পক্ষকে সরিয়ে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা হয়েছে। আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখছি এবং প্রয়োজনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

This post was viewed: 42

আরো পড়ুন