Skip to main content

Ridge Bangla

সালাহর জোড়া গোলে ৮ বছর পর বিশ্বকাপের মঞ্চে মিশর

লিভারপুলের তারকা মোহামেদ সালাহর জোড়া গোলে জিবুতিকে ৩-০ ব্যবধানে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে মিশর। ফুটবল বিশ্বের চোখ এখন মোহামেদ সালাহর দিকে। লিভারপুল তারকার দুরন্ত পারফরম্যান্সের সুবাদে আট বছর পর ফের ফিফা বিশ্বকাপের মূল পর্বে নিজেদের জায়গা করে নিয়েছে মিশর।

আগামী গ্রীষ্মে অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নিয়েছে আফ্রিকার দলটি, যা তাদের ফুটবল ইতিহাসে এক নতুন মাইলফলক। বুধবার জিবুতির বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচে ৩-০ গোলের সহজ জয়ে সালাহ একাই দুটি গোল করে দলের জয় নিশ্চিত করেন। এই অসাধারণ পারফরম্যান্সের ফলে এক ম্যাচ হাতে রেখেই নিজেদের গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে মিশর।

৩৩ বছর বয়সী সালাহ দীর্ঘ দুই বছরব্যাপী বাছাইপর্বে এখন পর্যন্ত নয়টি গোল করেছেন। এই জয়ের ফলে গ্রুপ ‘এ’-তে এক রাউন্ড বাকি থাকতে ৫ পয়েন্টের অজেয় ব্যবধানে শীর্ষে থেকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আফ্রিকার ফুটবল পরাশক্তি মিশর।

দুইবারের আফ্রিকান বর্ষসেরা খেলোয়াড় সালাহ গত মৌসুমে লিভারপুলকে প্রিমিয়ার লিগের রেকর্ড-ছোঁয়া ২০তম শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং ২৯ গোল করে জেতেন গোল্ডেন বুট। তবে চলতি মৌসুমে ক্লাবের হয়ে তার পারফরম্যান্স কিছুটা ম্লান, সব প্রতিযোগিতা মিলিয়ে নয় ম্যাচে করেছেন মাত্র তিন গোল।

২০১৮ সালের বিশ্বকাপে খেলেছিল সালাহর মিশর। তবে সে সময় চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ইনজুরির কারণে পুরোপুরি ফিট ছিলেন না তিনি। রিয়াল মাদ্রিদের বিপক্ষে সেই ফাইনালে কাঁধের চোটে পড়েছিলেন সালাহ। ওই বিশ্বকাপে মিশর তিনটি ম্যাচই হেরেছিল। প্রতিপক্ষ ছিল স্বাগতিক রাশিয়া, উরুগুয়ে ও সৌদি আরব।

আফ্রিকান ফুটবলে দারুণ ঐতিহ্য থাকা সত্ত্বেও বিশ্বকাপের মঞ্চে মিশরের উপস্থিতি ছিল সীমিত। এ পর্যন্ত মাত্র চারবার (১৯৩৪, ১৯৯০, ২০১৮ এবং এবার ২০২৬ সালে) তারা যোগ্যতা অর্জন করেছে।

এইবার আফ্রিকা অঞ্চল থেকে সরাসরি নয়টি দল বিশ্বকাপের মূল পর্বে জায়গা পাবে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আগামী ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ড্র।

গ্রুপ ‘এ’-তে মিশরের পর দ্বিতীয় স্থানে আছে বুরকিনা ফাসো, যারা সিয়েরা লিওনকে ১-০ গোলে হারিয়েছে। ইথিওপিয়া ১-০ গোলে জিতেছে গিনি-বিসাউয়ের বিপক্ষে।

This post was viewed: 98

আরো পড়ুন