Skip to main content

Ridge Bangla

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে প্রধান উপদেষ্টার সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতাদের সৌজন্য সাক্ষাৎ

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দের প্রতিনিধিদল। রোববার (৫ অক্টোবর) অনুষ্ঠিত এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তারা প্রবারণা পূর্ণিমার তাৎপর্য তুলে ধরে প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি তাঁকে কোনো এক সময় বিহার পরিদর্শনের আমন্ত্রণ জানান।

বৌদ্ধ নেতৃবৃন্দ রাজধানীর উত্তরায় বৌদ্ধ সম্প্রদায়ের জন্য শেষকৃত্যের স্থান বরাদ্দ দেওয়ায় প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারকে বিষয়টি অবহিত করার পর মাত্র ১০ দিনের মধ্যে শ্মশানের জন্য জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে—এটি এক ঐতিহাসিক উদ্যোগ। এর ফলে ঢাকায় বসবাসরত বৌদ্ধ ধর্মাবলম্বীদের আর শেষকৃত্যের জন্য চট্টগ্রাম যেতে হবে না।’

বৈঠকে এ বছর কঠিন চীবর দান উৎসবের প্রস্তুতি সম্পর্কেও প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়। একই সঙ্গে ধর্ম মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতার জন্য বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন বৌদ্ধ নেতৃবৃন্দ।

এছাড়া তাঁরা তীর্থযাত্রার সরকারি ব্যবস্থাপনা, বৌদ্ধ পণ্ডিত ও ধর্মগুরু অতীশ দীপঙ্করের নামে সরকারিভাবে একটি জ্ঞানচর্চা কেন্দ্র প্রতিষ্ঠা এবং অন্যান্য ধর্মীয় ও সামাজিক দাবি-দাওয়ার বিষয়েও প্রধান উপদেষ্টাকে অবহিত করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের অধ্যক্ষ বুদ্ধপ্রিয় মহাথের, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয়, পার্বত্য ভিক্ষু সংঘের ভিক্ষু কল্যাণ জ্যোতি, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ভবেশ চাকমা, বাংলাদেশ বৌদ্ধ সমিতির ঢাকা অঞ্চলের সাধারণ সম্পাদক স্বপন বড়ুয়া চৌধুরী, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব জয় দত্ত বড়ুয়া এবং বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর ড. সুকোমল বড়ুয়া, মং হলা চিং, সুশীল চন্দ্র বড়ুয়া, অধ্যাপক ববি বড়ুয়া, রুবেল বড়ুয়া ও রাজীব কান্তি বড়ুয়া।

এ সময় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমাও উপস্থিত ছিলেন।

This post was viewed: 69

আরো পড়ুন