Skip to main content

Ridge Bangla

মার্কিন কর্মকর্তাদের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের বৈঠক

ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গাবিষয়ক হাই-রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান। শুক্রবার (৩ অক্টোবর) অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত তারেক এম আরিফুল ইসলাম।

বৈঠকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রবিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকার বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্ব এবং ফেব্রুয়ারির নির্বাচনের প্রস্তুতিতে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপের প্রতি যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি আঞ্চলিক রাজনীতি ও নিরাপত্তা বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা হয়। রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের প্রচেষ্টাকেও তিনি স্বাগত জানান।

রোহিঙ্গাদের সহায়তায় জাতিসংঘের আন্তর্জাতিক সম্মেলনে যুক্তরাষ্ট্রের ঘোষিত ৬০ মিলিয়ন ডলার অনুদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ড. খলিলুর রহমান। তিনি পৃথক বৈঠকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল চুলিক ও ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যান্ড্রু হারাপের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা করেন।

এ ছাড়া তিনি যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চের সঙ্গে বৈঠক করেন। সেখানে সম্প্রতি সম্পন্ন হওয়া শুল্ক আলোচনার পরবর্তী পদক্ষেপ নিয়ে আলাপ হয়। ড. রহমান জানান, বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ এবং শুল্ক ব্যবধান ধীরে ধীরে হ্রাস পাওয়ায় অতিরিক্ত শুল্ক কমানোর অনুরোধ জানান। জবাবে ব্রেন্ডান লিঞ্চ বলেন, বাণিজ্য চুক্তির বাস্তবায়ন ও ঘাটতি আরও কমলে বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে।

This post was viewed: 84

আরো পড়ুন