Ridge Bangla

ট্রাম্পের ধারণা, তিনি নোবেল পুরস্কার না পেলে যুক্তরাষ্ট্রের ‘অপমান’ হবে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেছেন, তিনি যদি নোবেল শান্তি পুরস্কার না পান তবে সেটি যুক্তরাষ্ট্রের জন্য একটি ‘অপমান’ হবে। তিনি দাবি করেছেন, একাধিক যুদ্ধ সমাধানে তাঁর ভূমিকার কারণে এ পুরস্কার পাওয়া উচিত।

দীর্ঘদিন ধরেই ট্রাম্প পুরস্কারটির জন্য আগ্রহ প্রকাশ করে আসছেন। ১০ অক্টোবর বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

গাজা যুদ্ধের অবসানে সোমবার একটি শান্তি পরিকল্পনা উন্মোচনের পরদিনই তিনি আবারও নিজের পক্ষে যুক্তি তুলে ধরেন। শীর্ষ মার্কিন সামরিক কর্মকর্তাদের সামনে বক্তব্যে ট্রাম্প বলেন, “আমি কি নোবেল পুরস্কার পাব? অবশ্যই না। তারা সেটা দিয়ে দেবে এমন একজনকে, যে আসলে কিছুই করেনি। এটা আমাদের দেশের জন্য বড় অপমান হবে, আমি আপনাদের বলছি। আমি সেটা নিজের জন্য চাই না, আমি চাই দেশ সেটা পাক। এটাই পাওয়া উচিত, কারণ এমন কিছু আগে কখনো ঘটেনি।”

ট্রাম্প দাবি করেন, জানুয়ারিতে ক্ষমতায় ফেরার পর তিনি সাতটি যুদ্ধ সমাধান করেছেন।

তিনি বলেন, যদি সোমবার ওয়াশিংটনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে উন্মোচিত গাজা পরিকল্পনাটি কার্যকর হয়, তবে “আমাদের হবে আটটি যুদ্ধ, আট মাসে আটটি। খারাপ নয়।” হামাস এখনো এই প্রস্তাবের কোনো প্রতিক্রিয়া জানায়নি।

তবে ট্রাম্প এ বছর নোবেল শান্তি পুরস্কার পাওয়ার সম্ভাবনা প্রায় শূন্য বলেই মনে করছেন অসলোভিত্তিক বিশেষজ্ঞরা। নরওয়েজিয়ান নোবেল কমিটিও জানিয়েছে, ট্রাম্পের প্রচারণা তাদের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারবে না।

This post was viewed: 64

আরো পড়ুন