Skip to main content

Ridge Bangla

সাত জেলায় বন্যার শঙ্কা, তিন বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশের তিন বিভাগে ভারী বৃষ্টি এবং সাত জেলায় বন্যার আশঙ্কা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বুধবার (১ অক্টোবর) প্রতিষ্ঠানটির সহকারী প্রকৌশলী মো. মাহমুদুল ইসলাম শোভনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে ভারী বর্ষণ হতে পারে। একই সঙ্গে চট্টগ্রাম, ফেনী, লালমনিরহাট, নীলফামারী, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনার নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা রয়েছে। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি সুস্পষ্ট লঘুচাপ আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপে রূপ নিতে পারে এবং ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ উড়িষ্যা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।

গত ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে এবং ভারতের আসাম ও ত্রিপুরায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি রেকর্ড হয়েছে। আগামী ৪ অক্টোবর সকাল পর্যন্ত এ প্রবণতা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলের গোমতী, মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদীর পানি ইতোমধ্যে বেড়েছে এবং আগামী তিন দিনে আরও বাড়তে পারে।

অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকায় বুধবার ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ২০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এর মধ্যে মঙ্গলবার রাত থেকে ভোর পর্যন্ত ১৩২ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা এ সময়ে সর্বোচ্চ।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী চার দিন ভারী বৃষ্টি চলতে পারে। নগর জলাবদ্ধতা রোধে এবং জনভোগান্তি কমাতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে এখনই পদক্ষেপ নিতে বলা হয়েছে।

This post was viewed: 83

আরো পড়ুন