Skip to main content

Ridge Bangla

নির্বাচনের সব প্রস্তুতি গ্রহণ করছে ইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পূর্ণভাবে নেওয়া হচ্ছে। ভোট সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের জন্য নির্বাচন কমিশন (ইসি) প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছে। প্রবাসী ভোটারসহ নির্বাচনী কাজে সম্পৃক্ত ব্যক্তিদের জন্য এবার ডিজিটাল পোস্টাল ব্যালটের সুবিধা নিশ্চিত করা হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) নির্বাচনী সংলাপের উদ্বোধনী ভাষণে তিনি এ তথ্য জানান। সংলাপটি সকাল ও বিকেলে দুই দফায় অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সুশীল সমাজের ২৬ জন প্রতিনিধির সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ১৫ থেকে ১৭ জন শিক্ষাবিদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়। কমিশন সূত্রে জানা গেছে, পূজার ছুটি শেষ হলে অক্টোবর মাসে নারী নেত্রী, মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করা হবে। ভোট নির্ধারিত হয়েছে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে। এর আগে ডিসেম্বরের প্রথমার্ধে তফশিল ঘোষণা হতে পারে।

সংলাপে উপস্থিত ছিলেন চারজন নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব ও অন্যান্য কর্মকর্তা। সুশীল সমাজ ও বুদ্ধিজীবী প্রতিনিধিদের মধ্যে ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আল মাহমুদ হাসানউজ্জামান, সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবীর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইয়াহইয়া আখতার, নিরাপত্তা বিশ্লেষক মো. মাহফুজুর রহমান, অধ্যাপক আব্দুল ওয়াজেদ, বিজিএমইএর পরিচালক রশিদ আহমেদ হোসাইনি, কবি মোহন রায়হান, পুলিশ রিফর্ম কমিশনের মোহাম্মদ হারুন চৌধুরী, শিক্ষার্থী প্রতিনিধি জারিফ রহমান, অধ্যাপক রোবায়েত ফেরদৌস এবং টিআইবি পরিচালক মোহাম্মদ বদিউজ্জামান।

This post was viewed: 105

আরো পড়ুন