Skip to main content

Ridge Bangla

চট্টগ্রামে কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেসে আগুন, ট্রেন থেকে লাফিয়ে পড়ে শিশুর মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে চলন্ত অবস্থায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে লোহাগাড়ার পদুয়া এলাকায় এ ঘটনা ঘটে। আতঙ্কিত যাত্রীদের মধ্যে একজন দম্পতি তাদের শিশুসন্তানসহ চলন্ত ট্রেন থেকে লাফ দিলে শিশুটির মৃত্যু হয়।

মারা যাওয়া শিশুটির নাম মো. হামদান (৮ মাস)। গুরুতর আহত হয়েছেন তার বাবা আবদুর রাজ্জাক (২৬) ও মা লিজা আক্তার (২০)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী পরিবারটি কক্সবাজারের পিএমখালী ইউনিয়নের বাসিন্দা। আবদুর রাজ্জাক স্ত্রী ও শিশুপুত্রকে নিয়ে বাঁশখালী উপজেলার গুনাগরিতে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে কক্সবাজার ফেরার পথে সাতকানিয়া স্টেশন থেকে ট্রেনে উঠেন তারা। ট্রেনটি লোহাগাড়ার পদুয়ায় পৌঁছালে হঠাৎ একটি বগিতে আগুন লেগে যায়।

লোহাগাড়া স্টেশন মাস্টার দিদার হোসেন জানান, আগুন লাগার ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই তা নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

লোহাগাড়া থানার উপ-পরিদর্শক জাহেদ হোসেন বলেন, ট্রেন থেকে লাফিয়ে পড়া তিনজনকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়। আহত বাবা-মাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

This post was viewed: 67

আরো পড়ুন