Skip to main content

Ridge Bangla

পবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যুতে চিকিৎসায় অবহেলার অভিযোগ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কৃষি অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থী হোসাইন মোহাম্মদ আশিকের পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগে বিক্ষোভ করেছেন তাঁর সহপাঠীরা। সোমবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

জানা গেছে, আশিক বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে দুমকি জনতা কলেজের পুকুরে ডুবে যান। সেখান থেকে উদ্ধার করে প্রথমে তাঁকে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শিক্ষার্থীদের অভিযোগ, হাসপাতালে পৌঁছানোর পরও ইমারজেন্সি এবং আইসিইউ বিভাগে কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না। প্রায় ৪০ মিনিট পরে চিকিৎসা শুরু হলেও আশিককে সন্ধ্যার কিছু আগে মৃত ঘোষণা করা হয়।

মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তাঁরা চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে পরিস্থিতি শান্ত করতে হাসপাতালে ছুটে আসেন পবিপ্রবি উপাচার্য ড. কাজী রফিকুল ইসলাম, জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ, সিভিল সার্জন মো. খালেদুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলামসহ সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা।

হাসপাতাল কর্তৃপক্ষ এবং প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা পরে শান্ত হন। তবে তারা দায়ীদের শাস্তি এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

This post was viewed: 45

আরো পড়ুন