Skip to main content

Ridge Bangla

পূজায় বাড়তি চাপ সামলাতে বিশেষ ট্রেন, পদ্মা-মধুমতির অফ-ডে বাতিল

আসন্ন শারদীয় দুর্গাপূজায় যাত্রীদের ভ্রমণ সহজ করতে বাংলাদেশ রেলওয়ে চার জোড়া (মোট ৮টি) বিশেষ ট্রেন চালুর ঘোষণা দিয়েছে। পাশাপাশি রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটের আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস (৭৬০/৭৫৯) এবং মধুমতি এক্সপ্রেসের (৭৫৬/৭৫৫) সাপ্তাহিক ছুটি বা অফ-ডে ৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) ও ৪ অক্টোবর (শনিবার) বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারের পূজা উপলক্ষে সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিন (১ থেকে ৪ অক্টোবর) সরকারি ছুটি থাকবে। একই সময়ে ২৮ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত দেশের সব সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ফলে বিভিন্ন গন্তব্যে ভ্রমণকারী যাত্রীদের চাপ বাড়বে বলে অনুমান করা হচ্ছে। এ কারণে আন্তঃনগর ট্রেনের সময়সূচিতে কিছু বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

যেসব ট্রেনের অফ-ডে বাতিল করা হয়েছে, সেগুলো উল্লিখিত তারিখগুলোতে নিয়মিত সময়সূচি অনুযায়ী চলবে। এসব দিনের টিকিট অনলাইনে কেনা যাবে। তবে ৩০ সেপ্টেম্বরের পরের সপ্তাহ থেকে আবারও আগের নিয়মে অফ-ডে কার্যকর হবে।

এ ছাড়া পূর্বাঞ্চলের যাত্রী চাহিদা বিবেচনায় আগামী ৩০ সেপ্টেম্বর থেকে চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে চার জোড়া অতিরিক্ত ট্যুরিস্ট স্পেশাল ট্রেন চালানো হবে। এসব ট্রেনের টিকিট শতভাগ অনলাইনে বিক্রি করা হবে।

যাত্রী ভোগান্তি এড়াতে ঢাকা ও বিমানবন্দর রেলওয়ে স্টেশনে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে এবং বিনা টিকিটের যাত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সার্বিক তদারকির জন্য মন্ত্রণালয়ের একটি বিশেষ ভিজিলেন্স টিম মাঠে থাকবে।

This post was viewed: 76

আরো পড়ুন