Ridge Bangla

সংগীত ক্যারিয়ার গুটিয়ে নিচ্ছেন তাহসান খান

দেশের জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খান ভক্তদের জন্য দুঃখের খবর দিয়েছেন। দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে সংগীতপ্রেমীদের মন জয় করা এই শিল্পী জানিয়েছেন, তিনি ধীরে ধীরে মিউজিক ক্যারিয়ার থেকে সরে যাচ্ছেন।

বর্তমানে অস্ট্রেলিয়ার মেলবোর্নে সফরে থাকা তাহসান এক কনসার্টে বলেন, “এটাই আমার শেষ কনসার্ট। আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটাও গুটিয়ে ফেলবো।” ভাইরাল হওয়া এক ভিডিওতে তাকে আরও বলতে শোনা যায়, “মেয়ে বড় হচ্ছে, এখন কি দাঁড়ি রেখে স্টেজে দাঁড়িয়ে এমন লাফালাফি করতে ভালো লাগে?”—এই বক্তব্যে ভক্তদের মধ্যে মিশ্র অনুভূতি ছড়িয়ে পড়ে।

তাহসানের এই ঘোষণার পর দেখা যায়, তার ফেসবুক ও ইনস্টাগ্রাম একাউন্ট খুঁজে পাওয়া যাচ্ছে না। জানা গেছে, নিজেই সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিএক্টিভেট করেছেন।

তাহসানের সংগীতজীবন শুরু হয় ছায়ানট থেকে ছয় বছর রবীন্দ্রসংগীত শিক্ষা গ্রহণের পর। ১৯৯৮ সালে তিনি কয়েকজন শিল্পীর সঙ্গে মিলিত হয়ে গঠন করেন ব্যান্ড ‘ব্ল্যাক’, যা পরে তাকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয়। ব্যান্ড থেকে সরে এসে এককভাবে নিজের সংগীতজীবন গড়ে তোলেন। দুই দশকেরও বেশি সময় ধরে তাহসান উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান, যা তরুণ ও প্রজন্মে প্রিয় হয়ে উঠেছে।

সংগীতপ্রেমিকদের কাছে এই খবর একটি বড় ধাক্কা হলেও, তাহসান জানিয়েছেন, এবার তিনি নিজের পারিবারিক জীবন ও ব্যক্তিগত সময়কে বেশি গুরুত্ব দিতে চান। ক্যারিয়ারের এই পরিবর্তন তার ভক্তদের মধ্যে উচ্ছ্বাসের পাশাপাশি গভীর ভাবনারও সৃষ্টি করেছে।

This post was viewed: 102

আরো পড়ুন