Ridge Bangla

অবাধ-সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার: প্রধান উপদেষ্টা

আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত এবং ভারতের জন্য মনোনীত রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে নিউইয়র্কে এক বৈঠকে এ কথা জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, “ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ। দেশ এ জন্য সম্পূর্ণ প্রস্তুত।”

বৈঠকে সার্জিও গোর প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রতি সহযোগিতা অব্যাহত রাখবে বলে আশ্বাস দেন। এ সময় দ্বিপক্ষীয় বাণিজ্য, আঞ্চলিক সহযোগিতা, সার্ক পুনরুজ্জীবন, রোহিঙ্গা সংকট ও ভ্রান্ত তথ্য প্রচারসহ নানা বিষয়ে আলোচনা হয়।

অধ্যাপক ইউনূস কক্সবাজারে বসবাসরত ১০ লাখের বেশি রোহিঙ্গার জন্য যুক্তরাষ্ট্রের অব্যাহত সহায়তা কামনা করেন। জবাবে মার্কিন কর্মকর্তারা জীবনরক্ষাকারী সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।

তিনি বলেন, সার্ক দীর্ঘদিন ধরে সম্মেলন আয়োজন করতে পারছে না। অন্তর্বর্তী সরকার এ সংস্থাকে পুনরুজ্জীবিত করতে উদ্যোগ নিয়েছে। পাশাপাশি আসিয়ানভুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। তাঁর মতে, দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনীতির সঙ্গে যুক্ত হতে পারলে দেশের উন্নয়ন আরও বহুগুণে এগোবে।

এ ছাড়া নেপাল, ভুটান এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাত রাজ্যের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, “আঞ্চলিক সহযোগিতা বাড়ানো গেলে অর্থনৈতিক প্রবৃদ্ধি দ্রুততর হবে।” বৈঠক শেষে সার্জিও গোরকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

This post was viewed: 117

আরো পড়ুন