Skip to main content

Ridge Bangla

মুক্তির প্রথম সপ্তাহেই ১১০ কোটির ক্লাবে ‘মিরাই’

ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার ঘরানার ছবি ‘মিরাই’ মুক্তির প্রথম সপ্তাহেই রূপকথার মতো সাফল্য অর্জন করেছে। তেজা সজ্জা, মঞ্চু মনোজ ও ঋতিকা নায়েক অভিনীত এই ছবি বিশ্বজুড়ে আয় করেছে ১১০ কোটিরও বেশি রুপি। এর মধ্যে তেলেগু রাজ্য থেকে এসেছে ৫৭ কোটি, ভারতের মোট আয় দাঁড়িয়েছে ৮৫ কোটি এবং বিদেশ থেকে যোগ হয়েছে আরও ২৫ কোটি। ফলে ২০২৫ সালের সর্বোচ্চ আয় করা তেলেগু ছবির তালিকায় ‘মিরাই’-এর নাম শীর্ষে উঠে এসেছে।

ছবিটি গড়ে উঠেছে ভবিষ্যতের যোদ্ধা বেদার কাহিনির উপর। বেদা, যিনি নিয়তির ডাকে হয়ে ওঠেন সুপার যোদ্ধা, হাতে তুলে নেন অলৌকিক অস্ত্র মিরাই। তার লক্ষ্য অশুভ শক্তির প্রতীক মহাবলবীর লামাকে পরাজিত করে নয়টি গ্রন্থ রক্ষা করা। বিশাল ক্যানভাসে নির্মিত ছবিটির ভিজ্যুয়াল এফেক্ট, অ্যাকশন এবং বর্ণনাভঙ্গি দর্শকদের মুগ্ধ করেছে।

প্রথম সপ্তাহেই লাভের মুখ দেখেছে প্রযোজনা প্রতিষ্ঠান পিপল মিডিয়া ফ্যাক্টরি। এখন ছবিটির লক্ষ্য দেড়শ কোটির মাইলফলক। আগামী সপ্তাহে ‘ওজি’ মুক্তির কারণে দ্বিতীয় সপ্তাহের ব্যবসা নিয়েই কৌতূহল বেশি। ছবির সাফল্যে শুধু দর্শকরাই উচ্ছ্বসিত নন, বলিউডের বড় তারকারাও শুভেচ্ছা জানিয়েছেন। করন জোহরসহ প্রভাবশালী নির্মাতারা তেজা সজ্জাকে অভিনন্দন জানিয়েছেন। শুধু বাণিজ্যিক সফলতা নয়, ভবিষ্যতে ফ্র্যাঞ্চাইজিতে রূপ নেওয়ার দিক থেকেও ‘মিরাই’ আলোচনায় রয়েছে।

This post was viewed: 101

আরো পড়ুন