Ridge Bangla

রূপগঞ্জে তেলের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তেলভর্তি ড্রামের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পেট্রোল, ডিজেল, অকটেন ও মবিলভর্তি অন্তত অর্ধশতাধিক ড্রাম পুড়ে যায়।

রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার গন্ধর্বপুর নুরুল হক মার্কেট এলাকায় ব্যবসায়ী আনিসের গোডাউনে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আনিস দীর্ঘদিন ধরে ওই এলাকায় পেট্রোল, কেরোসিন, মবিল, ব্যাটারি ও ডিজেলের ব্যবসা চালাচ্ছেন। সন্ধ্যার দিকে দোকানের পেছনে হঠাৎ আগুন দেখা দিলে দ্রুত তা গোডাউনে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই আগুনের তীব্রতায় ২০-২৫টি তেলের ড্রাম বিস্ফোরিত হয়। প্রচণ্ড শব্দে চারপাশ কেঁপে ওঠে এবং স্থানীয়রা আতঙ্কে চারদিকে ছুটে যায়। আগুনের লেলিহান শিখা পাশের একটি দুইতলা আবাসিক ভবনেও ছড়িয়ে পড়ে, এতে ভবনটির কিছু অংশ পুড়ে যায়।

কাঞ্চন ফায়ার সার্ভিসের ওয়ারহাউস ইন্সপেক্টর মাহফুজুর রহমান বলেন, “অগ্নিকাণ্ডে গোডাউনের সব তেল ও মবিলভর্তি ড্রাম পুড়ে গেছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।” তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে বিস্তারিত তদন্ত শেষে সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

স্থানীয়রা জানিয়েছেন, বাজার এলাকায় এভাবে দাহ্য পদার্থ মজুত রাখা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাদের আশঙ্কা, ভবিষ্যতে এ ধরনের ঘটনায় বড় ধরনের প্রাণহানির ঝুঁকি তৈরি হতে পারে। তারা গোডাউনগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

This post was viewed: 53

আরো পড়ুন