Ridge Bangla

শাহরুখপুত্র আরিয়ান খানের ওয়েব সিরিজে অভিষেক

আজ থেকে নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের প্রথম পরিচালিত ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’। মুক্তির আগে মুম্বাইয়ে আয়োজিত বিশেষ প্রদর্শনীতে এক ছাদের নিচে একত্রিত হন বলিউডের শীর্ষ তারকারা।

শাহরুখ-গৌরী পরিবারের পুরো সদস্যরা উপস্থিত ছিলেন। লালগালিচায় হাসি-আড্ডায় মেতে ওঠেন শাহরুখ। তাঁর সঙ্গে ছিলেন সন্তানরা—সুহানা ও আব্রাম। আরিয়ান নিজেই এই মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেন, শুধু বাবাকেই নয়, পরিবারের অন্যান্য সদস্যদেরও ফ্রেমে রাখেন।

তারকাদের উপস্থিতিও ছিল বৈচিত্র্যময়। সুহানা হলুদ পোশাকে ঝলমলে লুকে নজর কাড়েন, অনন্যা পান্ডে রুপালি পোশাকে ছিলেন আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। অমিতাভ বচ্চনের নাতনি নব্যা নাভেলি নন্দা গোলাপি পোশাকে ঈশা অম্বানির সঙ্গে পোজ দেন। কাজল-অজয় দেবগণকেও শাহরুখের সঙ্গে একই ফ্রেমে দেখা যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করণ জোহর, আলিয়া ভাট, রণবীর কাপুর, ফারাহ খান, ফারহান আখতার, মাধুরী দীক্ষিত, অ্যাটলি, অগস্ত্য নন্দা, ভিকি কৌশল, বিজয় বর্মা, খুশি কাপুরসহ আরও অনেকে।

প্রদর্শনীর শেষভাগে আরিয়ান সিরিজটির কলাকুশলীদের সঙ্গে ছবি তোলেন। ফ্রেমে ছিলেন ববি দেওল, রাজত বেদী ও রাঘব জুয়াল। তারকাখচিত এই আয়োজনে আরিয়ান খানের পরিচালনা জীবনের জমকালো সূচনা হলো। সিরিজটি মুক্তির আগে অনুষ্ঠানেই দর্শকদের মধ্যে উত্তেজনা ও প্রত্যাশা তৈরি করেছে, যা বলিউডভক্তদের আগ্রহ আরও বৃদ্ধি করবে।

This post was viewed: 44

আরো পড়ুন