Skip to main content

Ridge Bangla

লঘুচাপের আশঙ্কা, সারা দেশে বৃষ্টির পূর্বাভাস

আগামী পাঁচ দিন সারা দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ২৪ সেপ্টেম্বর উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে, যা আবহাওয়ার ধরনে প্রভাব ফেলতে পারে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে আগামী ১২০ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ ভারতের উত্তর প্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চল পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে পৌঁছেছে। বর্তমানে মৌসুমি বায়ু দেশের ওপর মোটামুটি সক্রিয় এবং সমুদ্র এলাকায় মাঝারি অবস্থায় রয়েছে।

শুক্রবার রাত থেকে রংপুর, চট্টগ্রাম ও সিলেটের কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশালের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। শনিবার (২০ সেপ্টেম্বর) থেকে এ বৃষ্টির পরিমাণ বাড়বে।

রোববার ও সোমবার (২১–২২ সেপ্টেম্বর) ঢাকাসহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহের কিছু এলাকায় দমকা হাওয়াসহ ভারী বর্ষণ হতে পারে। এ সময় তাপমাত্রা সামান্য কমবে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) খুলনা, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় এবং দেশের অন্যান্য বিভাগে কিছু এলাকায় বৃষ্টি অব্যাহত থাকবে। বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের শুরুতে বৃষ্টি কিছুটা কমলেও শেষ দিকে এর প্রবণতা বাড়তে পারে।

This post was viewed: 86

আরো পড়ুন