Skip to main content

Ridge Bangla

মৃত্যুর গুঞ্জনে মুখ খুললেন মিশা সওদাগর

দুই দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও শিল্পী সমিতির বর্তমান সভাপতি মিশা সওদাগরের মৃত্যুর গুজব। একটি ভিডিওতে দাবি করা হয়, মিশা সওদাগর মারা গেছেন। ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে ভক্তদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে।

বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মিশা সওদাগর নিজেই। তিনি জানান, তিনি সুস্থ আছেন এবং এমন ভিত্তিহীন খবর ছড়িয়ে না দেওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, “এ নিয়ে কী বলা উচিত ঠিক বুঝতে পারছি না। এমন গুজবে আমি খুবই বিব্রত। এর আগেও এমন গুজব ছড়ানো হয়েছিল। আমি দুই দিন আগে আমেরিকা থেকে দেশে ফিরেছি। বর্তমানে বন্ধু বদিউল আলম খোকনের নতুন সিনেমার শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি। সেই সময় এমন একটি গুজব ছড়িয়ে পড়েছে।”

মিশা আরও বলেন, “আলহামদুলিল্লাহ, আমি সবার দোয়ায় সুস্থ ও ভালো আছি। অনুরোধ, কেউ অহেতুক গুজব ছড়াবেন না এবং কেউ সেই গুজবের প্রতি কান দেবেন না। আমার জন্য সবাই দোয়া করবেন।” উল্লেখ্য, এবারই প্রথম নয়, এর আগেও মিশা সওদাগরের মৃত্যুর গুজব বিভিন্ন সময় ছড়িয়ে পড়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফিরে আসা এই অভিনেতা বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত বেশ কয়েকটি সিনেমা।

এদিকে, মিশা সওদাগরের এই বক্তব্য সামাজিক মাধ্যমে শেয়ার হলে ভক্তরা তার সুস্থতা নিশ্চিত হয়ে স্বস্তি প্রকাশ করেছেন। গুজবের বিরুদ্ধে সতর্কতার আহ্বান জানিয়েছে চলচ্চিত্র ভক্ত মহলও।

This post was viewed: 62

আরো পড়ুন