Skip to main content

Ridge Bangla

সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, তমাসহ তিন আসামি কারাগারে

সমন্বয়ক পরিচয়ে মামলা থেকে অব্যাহতির আশ্বাস দিয়ে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হওয়া তিনজনকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার (১২ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এ আদেশ দেন।

আসামিরা হলেন— এএইচএম নোমান রেজা, তানজিল হোসেন এবং ফারিয়া আক্তার তমা। মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক আব্দুল মালেক খান আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানান। অপরদিকে আসামি পক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহারে বলা হয়, ১১ সেপ্টেম্বর রাতে আসামিরা উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টরের একটি বাসায় প্রবেশ করে নিজেদের ‘সমন্বয়ক’ পরিচয় দেন। তারা বাদীর ভগ্নিপতি দেলোয়ার হোসেনকে মামলা থেকে রক্ষা করার কথা বলে ১০ লাখ টাকা দাবি করেন। পরে বাদী নানা উপায়ে ৫ লাখ ৫০ হাজার টাকা পরিশোধ করেন। তবে আসামিরা পরদিন বিকেল ৪টার মধ্যে বাকি ৪ লাখ ৫০ হাজার টাকা দিতে না পারলে ক্ষতির হুমকি দিয়ে চলে যান।

পুলিশ জানায়, ঘটনার পর রাত ১২টা ৫০ মিনিটে নোমান রেজাকে বিমানবন্দর থানার সামনে থেকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী রাত ৩টা ৪০ মিনিটে তানজিল হোসেন ও ফারিয়া আক্তার তমাকে জসিম উদ্দিন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ বলছে, এ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

This post was viewed: 56

আরো পড়ুন