Ridge Bangla

মাইলস্টোন ট্র্যাজেডি: সুস্থ হয়ে বাড়ি ফিরল আরও দুই শিক্ষার্থী

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও দুই শিক্ষার্থী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। তারা হলেন—চতুর্থ শ্রেণির শিক্ষার্থী হাফসা খাঁন (১১) ও অষ্টম শ্রেণির শিক্ষার্থী মো. রায়ান (১৪)।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তাদের শরীরের প্রায় ২২ শতাংশে ফ্লেম বার্ন হয়েছিল। চিকিৎসার পর উন্নতি হওয়ায় আজ তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে।

ডা. শাওন আরও জানান, এখন পর্যন্ত মোট ২৫ জন শিক্ষার্থী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে। বর্তমানে ইনস্টিটিউটে ভর্তি আছেন আরও ১১ জন, আর এই ঘটনায় এখন পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, গত ২১ জুলাই দুপুরে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্থায়ী ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। ভয়াবহ ওই দুর্ঘটনায় বহু শিক্ষার্থী ও শিক্ষক হতাহত হন এবং অনেকে গুরুতর দগ্ধ হন। এই ঘটনায় এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, প্রাণ হারিয়েছেন ৩৬ জন, যাদের অধিকাংশই মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী। নিহতদের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানটির তিনজন শিক্ষকও রয়েছেন।

This post was viewed: 36

আরো পড়ুন