Skip to main content

Ridge Bangla

হাকিমপুর সীমান্ত থেকে ১০ জন বাংলাদেশি আটক, বিজিবির কাছে হস্তান্তর

ভারতের পশ্চিমবঙ্গের হাকিমপুর সীমান্ত থেকে ১০ বাংলাদেশিকে আটক করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরে তাদের হস্তান্তর করা হয় বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কাছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিমুল হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, যাচাই-বাছাই শেষে আটক ব্যক্তিদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে আটক ব্যক্তিদের হস্তান্তর করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন মোঃ মাহফুজ গাজী (২৯) শ্যামনগর, সাতক্ষীরা; কদবানু বেগম (৪৬) ও ইসরাফিল হুসাইন (১৬) লংগদু, রাঙ্গামাটি; রিতা বৈদ্য (২৭) ও রাজ বিশ্বাস (১২) চিতলমারী, বাগেরহাট; মোঃ আলী আশিক স্বাধীন (২৫) টঙ্গী, গাজীপুর; সোলান কান্তি দেব (৪৫), লক্ষী দেব (৮) ও হারী প্রেম (৬) আনোয়ারা, চট্টগ্রাম; এবং বেবী রানী পাল (৩৪) চন্দনাইশ, চট্টগ্রাম।

বিজিবি সূত্রে জানা গেছে, দুপুরে ভারতের উত্তর চব্বিশ পরগনার হাকিমপুর চেকপোস্ট এলাকায় তাদের আটক করে বিএসএফ। এরপর পতাকা বৈঠকে বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার এবং বিজিবি ৩৩ ব্যাটালিয়নের তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. আবুল কাশেম নেতৃত্বে হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়। বৈঠক শেষে রাত সাড়ে নয়টার দিকে বিজিবি আটক ব্যক্তিদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করে।

This post was viewed: 60

আরো পড়ুন