Skip to main content

Ridge Bangla

দক্ষিণ আফ্রিকায় কর্মচারীর হাতে বাংলাদেশি ব্যবসায়ী খুন

দক্ষিণ আফ্রিকার উইটব্যাংকে নিজ দোকানের কর্মচারীর হাতে খুন হয়েছেন বাংলাদেশি ব্যবসায়ী কাজী মহিউদ্দিন পলাশ (৩৫)। নিখোঁজের তিন দিন পর বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে তার দোকানের ফ্রিজ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত পলাশ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের গাবুয়া গ্রামের মৃত কাজী আমিনুল উল্যাহর ছেলে। প্রায় ১৪ বছর ধরে তিনি দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করছিলেন। দেশে তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

পলাশের ভাই কাজী আলমগীর জানান, কয়েকদিন ধরে তার সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। পরবর্তীতে পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যার সূত্র খুঁজে পায়। ফুটেজে দেখা যায়, দোকানের মালাউই নাগরিক এক কর্মচারী হাতুড়ি দিয়ে পলাশকে হত্যার পর মরদেহ দোকানের ফ্রিজে লুকিয়ে রেখে পালিয়ে যায়। হত্যাকারী এখনো পলাতক, তাকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

এ হত্যাকাণ্ডে স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া। তারা দ্রুত হত্যাকারীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমান বলেন, পরিবারের স্বপ্ন পূরণে পলাশ ১৪ বছর আগে দক্ষিণ আফ্রিকা গিয়েছিলেন। তার মৃত্যুতে পরিবার ও এলাকা শোকাহত। মরদেহ দেশে আনার প্রক্রিয়ায় সরকারের সহযোগিতা চেয়েছে পরিবার। প্রবাসী ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে এ হত্যাকাণ্ড।

This post was viewed: 63

আরো পড়ুন