গানের ভুবনের মানুষ তাহসান খান। নিজেকে মূলত সংগীতশিল্পী হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে ভালো লাগার কারণে অভিনয় শুরু করেছিলেন তিনি। সেই অভিনয় যে নিয়মিত হবে, তা ভাবেননি। অন্যদিকে লাক্স তারকা হয়ে ‘দারুচিনির দ্বীপ’ সিনেমা দিয়ে শুরু করেছিলেন বিদ্যা সিনহা মিম। ‘পরাণ’ সিনেমার সাফল্যের পর তার চলচ্চিত্রে অবস্থান নতুন মাত্রা পেয়েছে।
তাহসান ও মিম তিন বছর আগে একসঙ্গে তিনটি নাটকে জুটি বেঁধেছিলেন। সেই নাটকগুলো হলো ‘আদার হাফ’, ‘অবশেষে’ ও ‘মরিবার হলো তার সাধ’। এরপর তারা স্ক্রিনে একসঙ্গে আর দেখা যায়নি। এই সময় দুজনের জীবনে এসেছে নানা পরিবর্তন। তাহসান কমিয়ে দিয়েছেন অভিনয়, নতুন গান প্রকাশ করছেন এবং দেশ-বিদেশে কনসার্ট করছেন। মিম কাজ করছেন সিনেমা ও বিজ্ঞাপনে। এবার তারা একসঙ্গে আবার ক্যামেরার সামনে দাঁড়ালেন। তবে কোনো সিনেমা, নাটক বা ওটিটি নয়, এবার কাজটি বিজ্ঞাপনের জন্য। বিজ্ঞাপনটির নির্মাতা আশিকুর মাহবুব।
মিম বলেন, “তাহসান ভাইয়ের সঙ্গে ২০২৩ সালে বান্নাহ ও হিমি ভাইয়ের পরিচালনায় নাটকের কাজ করেছিলাম। এরপর আর কাজ হয়নি। কখন যে তিন বছর চলে গেছে বুঝতেই পারিনি। আমরা এখন একটি বিজ্ঞাপনের কাজ করছি। বিজ্ঞাপনটির কনসেপ্ট খুব সুন্দর। আশা করি, দীর্ঘদিন পর দর্শকরা বিজ্ঞাপন হলেও আমাদের এক ফ্রেমে দেখে আনন্দ পাবেন।”
বিজ্ঞাপনটি চলতি মাসেই প্রচারে আসবে। এদিকে সংগীতজীবনের রজতজয়ন্তী উপলক্ষে এক মাসের জন্য অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন তাহসান। মিম নতুন সিনেমার শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। তাহসান-মিমের এই পুনর্মিলন ভক্তদের মধ্যে উচ্ছ্বাসের সৃষ্টি করেছে, কারণ দীর্ঘ সময় পর তারা একসঙ্গে স্ক্রিনে হাজির হয়েছেন।