Ridge Bangla

ক্ষমা চাইলেন কিংবদন্তি নায়ক সোহেল রানা

কিংবদন্তি নায়ক, প্রযোজক ও পরিচালক মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা এখন নিয়মিত পর্দায় দেখা না গেলেও চলচ্চিত্রের প্রতি তার ভালোবাসা অটুট। বার্ধক্যের কারণে অধিকাংশ সময় কাটে বাসাতেই, তবু সহকর্মী ও দেশবাসীর প্রতি দায়িত্ববোধ তিনি এখনও পূর্ণভাবে অনুভব করেন।

গত রোববার (৭ সেপ্টেম্বর) বিএফডিসিতে প্রয়াত চলচ্চিত্রশিল্পীদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সোহেল রানা। নতুন ও পুরোনো শিল্পীদের ভিড়ে তিনি আবেগে আপ্লুত হয়ে ওঠেন। এ সময় তিনি বিনীতভাবে সবার কাছে ক্ষমা চেয়েছেন।

তিনি বলেন, “আমি ভুল করেছি, ভুল অনেক করেছি। তাই সবার কাছে ক্ষমা চাইছি। যেন মৃত্যুর পর মহান সৃষ্টিকর্তার কাছে নীতি ও আদর্শ নিয়ে দাঁড়াতে পারি। কে কখন চলে যাবে, তা শিওর নয়। তাই আমার সঙ্গে যারা কাজ করেছেন বা ভবিষ্যতে করবেন, যদি কারও প্রতি কোনো অন্যায় বা ভুল হয়ে থাকে, আমি ক্ষমা চাইছি।”

সোহেল রানা তার পারিবারিক নাম মাসুদ পারভেজ। নায়ক হিসেবে চলচ্চিত্রে আত্মপ্রকাশের পর তিনি সোহেল রানা নামেই পরিচিতি পান। প্রযোজক হিসেবে ১৯৭২ সালে মাসুদ পারভেজ নামেই যাত্রা শুরু করেন। বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ প্রযোজনা করে চলচ্চিত্রে আনুষ্ঠানিক প্রবেশ ঘটে। ১৯৭৩ সালে কাজী আনোয়ার হোসেনের চরিত্র অবলম্বনে নির্মিত ‘মাসুদ রানা’ সিনেমায় নায়ক হিসেবে অভিনয় এবং পরিচালক হিসেবে আত্মপ্রকাশ ঘটে।

দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়েছেন সোহেল রানা। অভিনয়ে অবদানের স্বীকৃতিতে তিনি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। এছাড়া ২০১৯ সালে পান আজীবন সম্মাননা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

This post was viewed: 39

আরো পড়ুন