Skip to main content

Ridge Bangla

চার দশক পর প্রথম প্রাপ্তবয়স্ক যুবরাজ পেলো জাপানী রাজপরিবার

জাপানের রাজপরিবারে চার দশক পর নতুন ইতিহাস তৈরি হলো। জাপানের যুবরাজ হিসাহিতো আনুষ্ঠানিকভাবে প্রাপ্তবয়স্কে পা রেখেছেন। ৪০ বছর পর তিনি রাজপরিবারের প্রথম পুরুষ সদস্য যিনি প্রাপ্তবয়স্ক হলেন। এর মধ্য দিয়ে তিনি রাজপরিবারের এমন এক সদস্যে পরিণত হলেন, যিনি ভবিষ্যতে দেশটির রাজতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। রোববার (৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে এনডিটিভি। শনিবার (৬ সেপ্টেম্বর) রাজপ্রাসাদে অনুষ্ঠিত আনুষ্ঠানিকতার মাধ্যমে যুবরাজ হিসাহিতো ১৯ বছর বয়সে প্রাপ্তবয়স্কের মর্যাদা লাভ করেন। তিনি সম্রাট নারুহিতোর ভাতিজা এবং জাপানের ক্রিস্যানথিমাম সিংহাসনের উত্তরাধিকার তালিকায় দ্বিতীয় স্থানে আছেন।

গত শনিবার তার প্রাপ্তবয়স্ক হওয়ার আনুষ্ঠানিকতা শুরু হয় পরিবারের বাসভবনে। সেখানে সম্রাটের দূতের কাছ থেকে তিনি ঐতিহ্যবাহী ‘কানমুরি’ মুকুট গ্রহণ করেন। অনুষ্ঠানে যুবরাজ বলেন, “আজকের এই প্রাপ্তবয়স্ক হওয়ার অনুষ্ঠানে মুকুট দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। একজন প্রাপ্তবয়স্ক রাজপরিবারের সদস্য হিসেবে দায়িত্ব সম্পর্কে সচেতন থেকে আমি আমার কর্তব্য পালন করব।”

এরপর তিনি ইম্পেরিয়াল প্রাসাদে প্রাপ্তবয়স্কতার প্রতীক ঐতিহ্যবাহী পোশাক পরেন। পরে আনুষ্ঠানিক পোশাকে ঘোড়ার গাড়িতে চড়ে প্রাসাদের তিনটি পূজাস্থলে যান। এ ছাড়া তিনি ইসে মন্দির, জাপানের প্রথম সম্রাট জিম্মুর সমাধি এবং তার প্রপিতামহ সম্রাট শোওয়ার সমাধিতেও শ্রদ্ধা নিবেদন করবেন। একইসঙ্গে প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা ও অন্যান্য বিশিষ্টজনদের সঙ্গেও সাক্ষাৎ করবেন।

১৯৮৫ সালে যুবরাজ হিসাহিতোর বাবা ক্রাউন প্রিন্স আকিশিনোর পর এটিই কোনো জাপানি যুবরাজের প্রথম প্রাপ্তবয়স্ক হওয়ার অনুষ্ঠান। ২০০৬ সালের ৬ সেপ্টেম্বর জন্ম নেওয়া হিসাহিতো ক্রাউন প্রিন্স আকিশিনো ও ক্রাউন প্রিন্সেস কিকোর একমাত্র পুত্র। বর্তমানে তিনি সুকুবা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী।

চার দশক পর প্রথমবারের মতো কোনো যুবরাজ প্রাপ্তবয়স্ক হওয়ায় জাপানের পুরুষকেন্দ্রিক উত্তরাধিকার আইন সংস্কারের প্রশ্ন আবারও জোরালোভাবে উঠে এসেছে।

This post was viewed: 64

আরো পড়ুন