Ridge Bangla

উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে চলছে ডাকসু ভোট

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে। শিক্ষার্থীরা দীর্ঘদিন পর ভোট দিতে পারায় খুশি ও উদ্দীপনায় ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছেন।

কেন্দ্রগুলো ঘুরে দেখা গেছে, ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ধৈর্য সহকারে ভোট প্রদান করছেন। এখনো কোথাও কোনো অপ্রতিকর ঘটনা ঘটেনি। তবে কিছু কেন্দ্রে কয়েকজন প্রার্থী লিফলেট বিতরণ করে প্রচারণা চালানোর চেষ্টা করলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাদের তৎক্ষণাৎ বাধা দিয়েছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ৮টি কেন্দ্রে মোট ৮১০টি বুথ স্থাপন করা হয়েছে। প্রতিটি বুথে পর্যাপ্ত সংখ্যক নির্বাচনী কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছেন।

শিক্ষার্থীদের নিরাপত্তা এবং ভোটের স্বচ্ছতা নিশ্চিত করতে নজরদারি জোরদার করা হয়েছে। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এরপর শুরু হবে ভোট গণনা।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে নির্বাচনী উৎসবের উদ্দীপনা এবং আনন্দের পরিবেশ বিরাজ করছে। শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন পর ডাকসু নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়ে তারা উত্তেজিত ও আনন্দিত।

এছাড়া, ভোটাররা প্রশাসনের সতর্ক নজরদারি ও কেন্দ্রে উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর কারণে নিরাপদ ও স্বচ্ছ ভোট প্রদানে আশ্বস্ত বোধ করছেন। ছাত্ররাজনীতিতে অংশগ্রহণ এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরাসরি অংশ নেওয়ার এই অভিজ্ঞতা শিক্ষার্থীদের জন্য উৎসবের মতো পরিবেশ তৈরি করেছে।

This post was viewed: 42

আরো পড়ুন