Skip to main content

Ridge Bangla

টিএসসি কেন্দ্রে ভোট চলছে, গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে টিএসসি কেন্দ্রে ভোটগ্রহণ স্বাভাবিকভাবে চলছে। তবে দুপুরের দিকে কিছুটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হলে শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি দেখা দেয়। অনেকে ধারণা করতে থাকেন, সেখানে নাকি ভোটগ্রহণ বন্ধ হয়ে গেছে।

এমন পরিস্থিতি মোকাবিলায় বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত বিজ্ঞপ্তি জারি করে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোট গ্রহণ অব্যাহত রয়েছে, তাই কোনো ধরনের গুজবে কান না দিতে শিক্ষার্থী ও প্রার্থীদের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।

প্রশাসনের ভাষ্য, ভোটের স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। গুজব ছড়িয়ে নির্বাচনী পরিবেশ নষ্ট করার চেষ্টা করা হলে তা কঠোরভাবে দমন করা হবে। তারা বলেন, নির্বাচনী উৎসবকে নষ্ট করার উদ্দেশ্যে অসৎ মহল গুজব ছড়াচ্ছে। এ কারণে সবার প্রতি দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়।

টিএসসি কেন্দ্রে উপস্থিত শিক্ষার্থীরা জানান, গুজব ছড়িয়ে পড়লেও ভোট প্রক্রিয়া সচল রয়েছে। ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ধৈর্য সহকারে ভোট দিচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তারা নিয়মিত কেন্দ্র পরিদর্শন করছেন যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।

প্রসঙ্গত, ডাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত, এরপর শুরু হবে গণনা। প্রশাসনের আশাবাদ শান্তিপূর্ণ ও স্বচ্ছ পরিবেশে এ নির্বাচন সম্পন্ন হবে।

This post was viewed: 64

আরো পড়ুন