Ridge Bangla

দুর্গাপূজায় ভারতে রপ্তানি হবে ১২০০ টন ইলিশ

প্রতিবছরের মতো এবারও দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বছর মোট ১ হাজার ২০০ মেট্রিকটন ইলিশ রপ্তানির জন্য নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখার উপসচিব এস.এইচ.এম. মাগফুরুল হাসান আব্বাসী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী ব্যবসায়ীরা আগামী ১১ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে হার্ড কপিতে আবেদন জমা দিতে পারবেন।

আবেদনের সঙ্গে রফতানিকারক প্রতিষ্ঠানকে কিছু প্রমাণপত্র দাখিল করতে হবে। এর মধ্যে রয়েছে— হালনাগাদকৃত ট্রেড লাইসেন্স, এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট (ইআরসি), আয়কর ও ভ্যাট সার্টিফিকেট, বিক্রয় চুক্তিপত্র এবং মৎস্য অধিদপ্তরের লাইসেন্স। এসব দলিল ছাড়া কোনো আবেদন গ্রহণ করা হবে না বলেও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

এবার প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে ১২ দশমিক ৫ মার্কিন ডলার। শর্তসাপেক্ষ এই অনুমোদনের মাধ্যমে দুর্গাপূজার আগে ভারতে ইলিশ পাঠানোর কার্যক্রম শুরু হবে।

বাংলাদেশি ইলিশ দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন রাজ্যে বিশেষ চাহিদা তৈরি করেছে। প্রতিবছর দুর্গাপূজায় সীমিত পরিমাণ ইলিশ রপ্তানির অনুমতি দিয়ে থাকে সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, এবারও রপ্তানি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

This post was viewed: 39

আরো পড়ুন