বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন আদালতের দ্বারস্থ হয়েছেন নিজের ছবি, নাম ও কণ্ঠস্বরের অনুমতি ছাড়া ব্যবহার রোধের জন্য। মঙ্গলবার দিল্লি হাইকোর্টে তিনি এ সংক্রান্ত একটি আবেদন জমা দেন। অভিযোগ, বিভিন্ন বাণিজ্যিক উদ্দেশ্যে তার অনুমতি ছাড়া ছবি, নাম ও কণ্ঠস্বর ব্যবহার করা হচ্ছে, যা নায়িকার ব্যক্তিগত ও পেশাগত মর্যাদার জন্য ক্ষতিকর।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে জানা গেছে, ঐশ্বরিয়ার আইনজীবী সন্দীপ শেঠি আদালতে দাখিল করা আবেদনে জানান, নায়িকার অনুমতি ছাড়া কফি মগ, টি-শার্টসহ নানা পণ্য তৈরি হচ্ছে। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি নানা ধরনের ছবি ও ভিডিও ইউটিউব এবং অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কিছু এআই-জেনারেটেড ছবি অত্যন্ত আপত্তিকর, যা নায়িকার জন্য বিব্রতকর।
আবেদনে উল্লেখ করা হয়েছে, কিছু অসাধু চক্র ঐশ্বরিয়ার নাম ব্যবহার করে অর্থ উপার্জন করছে। এর মধ্যে একটি সংস্থা ‘নেশন ওয়েলথ’ সরাসরি তার নাম ব্যবহার করে ব্যবসা চালাচ্ছে এবং তাদের লেটারহেডে তাকে চেয়ারপারসন হিসেবে উল্লেখ করা হয়েছে। ঐশ্বরিয়া আদালতের হস্তক্ষেপ চেয়েছেন যাতে এ ধরনের অপব্যবহার বন্ধ করা যায়।
আদালতে শুনানি চলাকালে বিচারপতি তেজাস কারিয়া ইঙ্গিত দিয়েছেন, শিগগিরই এ বিষয়ে নিষেধাজ্ঞা জারি হতে পারে। ঐশ্বরিয়ার এই পদক্ষেপ পোশাক বিক্রেতা, বই প্রকাশনী এবং অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানকে সতর্ক করবে। উল্লেখ্য, গত বছর একই ধরনের আবেদন নিয়ে দিল্লি হাইকোর্টে গিয়েছিলেন তার শ্বশুর, বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন।