বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার কথা বলে প্রতারণা ও চাঁদাবাজির মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে মোতাল্লেছ হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে সিআইডি।
রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট মানি লন্ডারিং প্রতিরোধ আইনে পল্লবী থানায় এ মামলা দায়ের করে। সোমবার (৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান। তিনি জানান, মোতাল্লেছ হোসেন নিজেকে খালেদা জিয়ার লিয়াজোঁ অফিসার পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীর কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। তার নামে খোলা ব্যাংক হিসাবে প্রায় ২০ কোটি টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে।
সিআইডির অনুসন্ধানে উঠে এসেছে, মোতাল্লেছ হোসেনের এমএল ট্রেডিং নামের একটি প্রতিষ্ঠানের নামে ট্রেড লাইসেন্স থাকলেও বাস্তবে কোনো কার্যক্রম নেই। তিনি কখনো গার্মেন্টস মালিক, কখনো চা-বাগানের উদ্যোক্তা বা ঠিকাদার পরিচয়ে প্রভাবশালী মহলের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতেন। পরে খালেদা জিয়ার চিকিৎসার কথা বলে প্রায় ১৫ কোটি টাকা নিজের হিসাবে সংগ্রহ করেন এবং তা আত্মসাৎ করেন।
বর্তমানে তার বিভিন্ন ব্যাংক হিসাবে থাকা ৫ কোটি ৩ লাখ ৩৩ হাজার ৭৮২ টাকা আদালতের আদেশে ফ্রিজ করা হয়েছে। মামলায় মোতাল্লেছ হোসেন ছাড়াও অজ্ঞাতনামা আরও দু-তিনজনকে আসামি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রতারণা চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।