দেশে আবারও স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সর্বশেষ ঘোষণায় ভরিতে ১ হাজার ২৬০ টাকা বাড়িয়ে নতুন রেকর্ড গড়েছে। এখন থেকে ২২ ক্যারেট স্বর্ণের এক ভরির দাম দাঁড়াল ১ লাখ ৮২ হাজার ৮১০ টাকা। সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে বাজুসের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এ দাম কার্যকর হবে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) থেকে।
বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে ও স্থানীয় পর্যায়ে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় অভ্যন্তরীণ বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে।
নতুন তালিকা অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের ভরি ১ লাখ ৭৪ হাজার ৫০৫ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৪৯ হাজার ৫৬৭ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ২৩ হাজার ৯৪২ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া স্বর্ণ বিক্রির সময় সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তবে গহনার নকশা ও মান অনুযায়ী মজুরি ভিন্ন হতে পারে।
এর আগে গত ৭ সেপ্টেম্বর সর্বশেষ দাম সমন্বয় করে বাজুস। সেদিন ভরিতে ২ হাজার ৭১৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৮১ হাজার ৫৫০ টাকা, যা তখন ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ। এক দিনের ব্যবধানেই নতুন ঘোষণার ফলে পূর্বের রেকর্ড ভেঙে আবারও সর্বকালের সর্বোচ্চ দামে পৌঁছাল দেশের স্বর্ণবাজার।