আসন্ন জাতীয় নির্বাচনে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের দায়িত্ব পালনে সহায়তা করতে ৩০০টি গাড়ি কেনার উদ্যোগ নিয়েছে সরকার। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এ তথ্য জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
তিনি জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী আগামী সংসদের মন্ত্রী-এমপিদের জন্য ৬০টি গাড়ি কেনার বিষয়টি অর্থ মন্ত্রণালয় বাতিল করেছে। তবে গণমাধ্যমে প্রচারিত “নতুন মন্ত্রীদের জন্য গাড়ি কেনা হচ্ছে” খবরটি সঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি।
ড. সালেহউদ্দিন বলেন, আগের সরকারের আমলে আমদানি করা ৩০ থেকে ৪০টি বিলাসবহুল গাড়ি ইতোমধ্যে জব্দ করা হয়েছে। প্রতিটি গাড়ির দাম প্রায় ৫ কোটি টাকা। এগুলো নির্বাচনী সময়ে মাঠ প্রশাসনের কাজে ব্যবহৃত হবে। নতুন করে গাড়ি কেনা হলেও তা কেবল নির্বাচনকালীন দায়িত্বে নিয়োজিত মাঠ প্রশাসন কর্মকর্তাদের জন্যই সীমিত থাকবে।
এ ছাড়া তিনি জানান, সম্প্রতি তার জাপান সফরে দুই দেশের মধ্যে দক্ষ জনবল নিয়ে চুক্তি হয়েছে। এর আওতায় শিগগিরই বাংলাদেশ থেকে অন্তত ১ লাখ জনবল জাপানে কর্মসংস্থানের সুযোগ পাবে। তবে সেখানে যোগ্যতা অর্জনের জন্য জাপানি ভাষা শেখা বাধ্যতামূলক করা হয়েছে। অর্থ উপদেষ্টা আশা প্রকাশ করেন, সরকারের এ উদ্যোগে একদিকে নির্বাচনী কাজে স্বচ্ছতা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হবে, অন্যদিকে দক্ষ জনবল রপ্তানির মাধ্যমে দেশের বৈদেশিক আয়ও বাড়বে।