Skip to main content

Ridge Bangla

আবারও বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারো বাড়ল স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে ভরিতে ১ হাজার ৪৭০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করেছে ১ লাখ ৭৫ হাজার ৭৮৮ টাকা। সোমবার (১ সেপ্টেম্বর) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় নতুন মূল্য সমন্বয় করা হয়েছে।

নতুন দামের তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম হবে ১ লাখ ৬৭ হাজার ৭৯৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৪৩ হাজার ৮২৯ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম হবে ১ লাখ ১৯ হাজার ৪৩ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্বর্ণ বিক্রয়ের ক্ষেত্রে নির্ধারিত মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার মান ও ডিজাইনের ওপর ভিত্তি করে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে, গত ৩০ আগস্ট বাজুস ভরিতে ১ হাজার ৬৬৭ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৪ হাজার ৩১৮ টাকা নির্ধারণ করেছিল, যা কার্যকর হয়েছিল ৩১ আগস্ট থেকে। সে সময় ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ হয়েছিল ১ লাখ ৬৬ হাজার ৩৯৯ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৪২ হাজার ৬২৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ১৮ হাজার ২৮ টাকা।

এদিকে, স্বর্ণের দামের ওঠানামার মধ্যেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৮১১ টাকায়, ২১ ক্যারেটের ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ৭২৬ টাকায়।

This post was viewed: 64

আরো পড়ুন