Ridge Bangla

উত্তরা ইপিজেডে শ্রমিক-পুলিশ সংঘর্ষে নিহত ১

নীলফামারীর উত্তরা এক্সপোর্ট প্রসেসিং জোনে (ইপিজেড) পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে মো. হাবিব নামে ভেনচুরা লেদার ম্যানুফ্যাকচারিংয়ের এক শ্রমিক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

শ্রমিকরা জানান, এভার গ্রিন কোম্পানিতে ছাঁটাই বন্ধসহ বেশ কয়েকটি দাবি নিয়ে গত দুই দিন ধরে তাদের আন্দোলন চলছিল। সোমবার রাতে হঠাৎ করেই কোম্পানি বন্ধের নোটিশ ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ।

এর প্রতিবাদে মঙ্গলবার সকালে হাজারো শ্রমিক ইপিজেডের মূল ফটকে তালা দিয়ে বিক্ষোভ শুরু করে। পরে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ বাঁধলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষের মধ্যেই হাবিব নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে শ্রমিকরা আরও উত্তেজিত হয়ে ওঠেন।

নীলফামারী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তানজিরুল ইসলাম ফারহান বলেন, বুকে আঘাতের চিহ্নসহ নিহত শ্রমিককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।

সংঘর্ষের এই ঘটনা নিয়ে এখনো পুলিশের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

This post was viewed: 43

আরো পড়ুন