Skip to main content

Ridge Bangla

ইবতেদায়ি মাদরাসার ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষার মানবণ্টন প্রকাশ

দেশের ইবতেদায়ি মাদ্রাসাগুলোতে এ বছর পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। এ লক্ষ্যে ইতোমধ্যে পরীক্ষার মানবণ্টন ও নমুনা প্রশ্ন প্রকাশ করা হয়েছে।

মাদ্রাসা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব নমুনা প্রশ্ন প্রকাশ করা হয়েছে। এতে জানানো হয়েছে, ২০২৫ সালের ইবতেদায়ি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২১, ২২, ২৩, ২৪ ও ২৮ ডিসেম্বর।

পরীক্ষাগুলো হবে পাঁচটি বিষয়ে—কুরআন মাজিদ ও আকাইদ-ফিকহ, আরবি (প্রথম ও দ্বিতীয় পত্র), বাংলা, ইংরেজি এবং গণিত ও বিজ্ঞান। প্রতিটি বিষয়ের জন্য থাকবে ১০০ নম্বর। সব মিলিয়ে মোট নম্বর হবে ৫০০। এই পরীক্ষায় অংশ নিতে পারবে শুধু মাদ্রাসা শিক্ষা বোর্ডের কোডভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা ও সংযুক্ত ইবতেদায়ি শাখার শিক্ষার্থীরা। একটি মাদ্রাসার পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ ৪০ শতাংশ পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবে।

এর আগে গত জুলাইয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা নেওয়ার ঘোষণা দেয়। ডিসেম্বরেই প্রাথমিক ও ইবতেদায়ি উভয় ক্ষেত্রেই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

দীর্ঘ ১৬ বছর পর আবার চালু হতে যাওয়া এ বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্দিষ্ট হারে মাসিক বৃত্তি সুবিধা পাবে এবং মাধ্যমিক স্তরে ভর্তি প্রক্রিয়ায়ও অগ্রাধিকার ভোগ করবে। ২০০৯ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিইসি) চালুর পর থেকেই বৃত্তি পরীক্ষা বন্ধ ছিল।

This post was viewed: 59

আরো পড়ুন