Skip to main content

Ridge Bangla

পুতিন-জিনপিংয়ের সঙ্গে মোদির বৈঠক লজ্জাজনক, কঠোর সমালোচনা যুক্তরাষ্ট্রের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠককে “লজ্জাজনক” আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো।

তিনি বলেন, রাশিয়ার নয়, যুক্তরাষ্ট্রের পাশে থাকা উচিত ভারতের। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

নাভারো বলেন, মোদিকে শি জিনপিং ও পুতিনের সঙ্গে হাত মেলাতে দেখা সত্যিই লজ্জার। আমি বুঝতে পারছি না তিনি কী ভাবছেন। আমরা আশা করি, তিনি বুঝবেন যে তাকে আমাদের সঙ্গে থাকতে হবে, রাশিয়ার সঙ্গে নয়। প্রধানমন্ত্রী মোদির চীন সফর, এসসিও সম্মেলনে যোগদান এবং পুতিন ও শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের একদিন পর এমন মন্তব্য করলেন নাভারো।

পূর্বে এক মন্তব্যে নাভারো ভারতকে ‘শুল্কের মহারাজা’ আখ্যা দেন। তিনি দাবি করেন, প্রধান অর্থনীতিগুলোর মধ্যে ভারতের শুল্ক সবচেয়ে বেশি এবং নয়াদিল্লি এটি স্বীকার করতেও অস্বীকার করে।

তিনি বলেন, ভারতের সঙ্গে দুই দিক থেকে সমস্যা আছে—২৫ শতাংশ প্রতিশোধমূলক, অন্যায্য বাণিজ্যের কারণে এবং আরও ২৫ শতাংশ শুল্ক বসানো হয়েছে ভারত রাশিয়া থেকে তেল কিনছে সেই কারণে।

ভারত রাশিয়ার তেল ছাড়কৃত দামে কিনছে—এ নিয়ে আরও তীব্র সমালোচনা করে নাভারো বলেন, এতে সাধারণ ভারতীয়দের ক্ষতির বিনিময়ে উচ্চবর্ণের ব্রাহ্মণরা মুনাফা করছে। তিনি এমনকি ভারতকে “ক্রেমলিনের মানি লন্ড্রির জায়গা” বলেও আখ্যা দেন।

তার অভিযোগ, ভারতীয় শোধনাগারগুলো রুশ তেল সস্তায় কিনে প্রক্রিয়াজাত করে বাড়তি দামে বিদেশে রপ্তানি করছে। তিনি বলেন, “এতে ইউক্রেনীয়রা মরছে, আর আমাদের করদাতাদের আরও টাকা দিতে হচ্ছে।”

ভারতের সঙ্গে মস্কো ও বেইজিংয়ের ঘনিষ্ঠতা বৈশ্বিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করছে বলেও অভিযোগ করেছেন তিনি।

This post was viewed: 67

আরো পড়ুন