Ridge Bangla

বাংলাদেশের ফেব্রুয়ারির নির্বাচনকে জাতিসংঘের পূর্ণ সমর্থন রয়েছে: গুইন লুইস

বাংলাদেশের আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে পূর্ণ সমর্থন জানিয়েছে জাতিসংঘ। এ নির্বাচনকে দেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে অভিহিত করেছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইস। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, বৈঠকে জাতিসংঘ ও অন্তর্বর্তী সরকারের মধ্যে বিদ্যমান সহযোগিতা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। নির্বাচন কমিশনের প্রতি জাতিসংঘের চলমান সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন গুইন লুইস। একইসঙ্গে স্বচ্ছ, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে জাতিসংঘ কীভাবে সহায়তা করতে পারে, তা নিয়েও মতবিনিময় হয়।

আলোচনায় বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার, সংস্কার এজেন্ডা এবং সরকারের উচ্চাকাঙ্ক্ষী উদ্যোগ বাস্তবায়নে জাতিসংঘের বর্ধিত সহায়তার সম্ভাবনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। এছাড়া আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন এবং মাসের শেষে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য রোহিঙ্গা সম্মেলনের প্রস্তুতি পর্যালোচনা করা হয়।

রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক তহবিল হ্রাসের কারণে মানবিক সেবায় যে প্রভাব পড়ছে, তা নিয়ে উভয় পক্ষ উদ্বেগ প্রকাশ করেন। প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, সংকটে কার্যকর মানবিক প্রতিক্রিয়া বজায় রাখতে টেকসই আন্তর্জাতিক সংহতি ও বাড়তি সহায়তা অপরিহার্য।

সাক্ষাৎ শেষে আবাসিক সমন্বয়কারী লুইস বাংলাদেশের সংস্কার ও রূপান্তর প্রক্রিয়ার প্রতি জাতিসংঘের অবিচল সমর্থন ব্যক্ত করেন এবং টেকসই উন্নয়ন ও দীর্ঘমেয়াদি সমৃদ্ধি অর্জনে সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

This post was viewed: 49

আরো পড়ুন