Skip to main content

Ridge Bangla

বরেণ্য অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন

বাংলাদেশের বরেণ্য অভিনেত্রী, নির্মাতা ও গীতিকার জাহানারা ভূঁইয়া মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাংলাদেশ সময় সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের লেক রিজ কেয়ার সেন্টারে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার ছোট ভাই মঞ্জুর এলাহী সংবাদটি নিশ্চিত করেছেন।

জাহানারা দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। ডায়াবেটিসজনিত কারণে তার কিডনির কার্যক্ষমতা কমে গিয়েছিল। গত ১৬ মাস ধরে মিনেসোটার লেক রিজ কেয়ার সেন্টারে নিয়মিত ডায়ালাইসিসের মধ্যেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

সত্তর ও আশির দশকে গীতিকার হিসেবে চলচ্চিত্র অঙ্গনে আত্মপ্রকাশ করেন জাহানারা। মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্র পরিচালক স্বামী সিরাজুল ইসলাম ভূঁইয়ার পরিচালিত নিমাই সন্ন্যাসী ছবিতে প্রথম গান রচনা করেন তিনি। পরে আশির দশকে সৎ মা চলচ্চিত্রের মাধ্যমে চরিত্রাভিনেত্রী হিসেবে আলোচনায় আসেন।

চার দশকের ক্যারিয়ারে জাহানারা ভূঁইয়া তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। শুধু অভিনয় নয়, নির্মাণ ও প্রযোজনাতেও রেখেছেন স্বাক্ষর। তার পরিচালিত চলচ্চিত্রের মধ্যে সিঁদুর নিওনা মুছে বিশেষভাবে স্মরণযোগ্য। অভিনয়, নির্মাণ ও গীত রচনায় সমান সাফল্যের কারণে জাহানারা ছিলেন বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের এক অনন্য নাম।

তার প্রয়াণে চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনে শূন্যতা সৃষ্টি হলো। দেশের শিল্প-সংস্কৃতির ভক্তদের হৃদয়ে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।

This post was viewed: 64

আরো পড়ুন