Skip to main content

Ridge Bangla

ইতিহাস গড়ে বিশ্বকাপে প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার জেসি

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক অনন্য মাইলফলক স্থাপন করতে যাচ্ছেন সাথিরা জাকির জেসি। আইসিসির কোনো মেজর টুর্নামেন্টে প্রথমবারের মতো আম্পায়ারিং করতে যাচ্ছেন, বাংলাদেশের সাবেক নারী ক্রিকেটার সাথিরা জাকির জেসি। এর মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে যুক্ত হলো আরও একটি মহিমান্বিত অধ্যায়। আগামী সেপ্টেম্বরে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ। সেই টুর্নামেন্টে আম্পায়ার হিসেবে কাজ করতে যাচ্ছেন বাংলাদেশের নারী আম্পায়ার সাথিরা জাকির জেসি। এই অসাধারণ অর্জনকে সম্মান জানিয়ে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস তাকে অভিনন্দন জানিয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) এক বার্তায় জেসিকে অভিনন্দন জানায় ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। এক বার্তায় তারা লিখেছে, অভিনন্দন ইন্টারন্যাশনাল ভিজিটর লিডারশিপ প্রোগ্রাম (আইভিএলপি)-এর সাবেক সাথিরা জাকির জেসিকে, যিনি প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার হিসেবে ২০২৫ আইসিসি নারী ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে দায়িত্ব পালন করে ইতিহাস গড়তে যাচ্ছেন।

এছাড়া, বার্তায় আরও বলা হয়েছে, আমেরিকার এক্সচেঞ্জ প্রোগ্রাম নতুন সুযোগ সৃষ্টি করে, বৈশ্বিক সংযোগকে শক্তিশালী করে এবং ক্রীড়াসহ নানা ক্ষেত্রে উদ্ভাবনকে অনুপ্রাণিত করে।

২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের বাকি আছে আর মাত্র এক মাস। নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করতে বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজে টিভি ও চতুর্থ আম্পায়ার হিসেবে কাজ করবেন জেসি। বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথমবার কোনো নারী আম্পায়ার দায়িত্ব পালন করবেন বিশ্বকাপে।

জেসি এর আগেও আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করেছেন। তিনি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নারী এশিয়া কাপ, মালয়েশিয়ায় বয়স-ভিত্তিক এশিয়া কাপ এবং মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দায়িত্ব পালন করেছেন। তবে এবারের দায়িত্ব আরও বড় মঞ্চে, আসরটা যে নারী ওয়ানডে বিশ্বকাপ।

উল্লেখ্য, আম্পায়ারিংয়ে যুক্ত হওয়ার আগে ক্রিকেটার ছিলেন জেসি। বাংলাদেশের হয়ে দু’টি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ার ছোট হলেও দীর্ঘ সময় খেলেছেন ঘরোয়া ক্রিকেটে। ২০২২ সাল থেকে আম্পায়ারিংয়ের দায়িত্ব সামলাচ্ছেন ৩৪ বছর বয়সী জেসি।

This post was viewed: 71

আরো পড়ুন