Skip to main content

Ridge Bangla

আগামী ১০ দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্ক থাকার আহ্বান

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ১০ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (২২ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত ছড়িয়ে আছে। বর্তমানে মৌসুমি বায়ু দেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার ও রোববারও দেশের বিভিন্ন অঞ্চলে একই ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় মাঝারি থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

সোমবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটের অনেক জায়গায়, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। দেশে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

মঙ্গলবারও ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জনগণকে সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছে।

This post was viewed: 57

আরো পড়ুন