Skip to main content

Ridge Bangla

মেজাজ হারালেন আলিয়া ভাট

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট, যিনি স্বভাবতই শান্ত ও নম্র, সম্প্রতি আবারও পাপারাজ্জিদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন। ২০২৩ সালে নিজের ঘরে বসে অনাকাঙ্ক্ষিতভাবে ছবি তোলার ঘটনায় তিনি ইতিমধ্যেই একাধিকবার সীমালঙ্ঘন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। কিন্তু পাপারাজ্জিরা থামেনি, এবার আবারও চূড়ান্তভাবে ব্যক্তিগত সীমা অতিক্রম করায় আলিয়ার রোষ ঝরে পড়েছে।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সম্প্রতি পিকলবল খেলার পর বাড়ি ফিরছিলেন আলিয়া। ঠিক সেই সময় ফটোশিকারিরা তার পিছু ধাওয়া করে এবং আবাসনের ভেতরে ঢুকে পড়েন। এমনকি বাড়ির প্রবেশদ্বারের সামনে অবস্থান নিয়ে তাকে বাধা দেওয়ার চেষ্টা করেন।

ভিডিওতে দেখা যায়, আলিয়া দৃঢ় কণ্ঠে পাপারাজ্জিদের উদ্দেশে বলছেন, “গেটের ভেতরে ঢুকবে না একদম। এটা তোমাদের বাড়ি নয়। দয়া করে বাইরে যাও। এখান থেকে বের হও। তোমরা এখানে ঢুকতে পারবে না।” তবে তার বারবার অনুরোধ সত্ত্বেও পাপারাজ্জিরা ছবি তোলা বন্ধ করেননি। আলিয়া আরও বলেন, “আপনারা এখনো কথা শুনছেন না। বাহ, ধন্যবাদ।” তার কড়া মেজাজ এবং দৃঢ় প্রতিক্রিয়ার ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। নেটিজেনদের একাংশ তার এই প্রতিক্রিয়াকে সমর্থন জানিয়েছেন।

এদিকে, আলিয়া বর্তমানে ব্যস্ত রয়েছেন তার পরবর্তী সিনেমা ‘আলফা’-এর শুটিংয়ে। এটি একটি স্পাই ইউনিভার্স চলচ্চিত্র, যেখানে আলিয়ার সঙ্গে দেখা যাবে অভিনেতা শর্বরীকেও। সিনেমাটি চলতি বছরের ২৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এ ঘটনার মাধ্যমে আবারও প্রমাণ হলো, আলিয়া ভাট শুধুমাত্র তার অভিনয় দক্ষতাই নয়, ব্যক্তিগত মর্যাদা রক্ষার ক্ষেত্রেও দৃঢ়।

This post was viewed: 59

আরো পড়ুন