Ridge Bangla

৩৩ প্রকার ওষুধের দাম কমাল ইডিসিএল

অত্যাবশ্যকীয় ৩৩ প্রকার ওষুধের দাম ১০ থেকে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত কমিয়েছে এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)। বুধবার (১৩ আগস্ট) রাজধানীতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক সামাদ মৃধা।

তিনি জানান, র-ম্যাটেরিয়াল যৌক্তিক মূল্যে কেনার উদ্যোগ এবং সিন্ডিকেট ভাঙার ফলে উৎপাদন ব্যয় কমেছে। এর ফলে বিভিন্ন অ্যান্টিবায়োটিক, নিউমোনিয়া, সর্দি-জ্বর, উচ্চ রক্তচাপ, গ্যাস্ট্রিক আলসার, কৃমিনাশক, ব্যথানাশক, হাঁপানি ও ভিটামিনজাত ওষুধের দাম হ্রাস করা সম্ভব হয়েছে।

ইডিসিএলের তালিকা অনুযায়ী, ওমিপ্রাজল ক্যাপসুল, কেটোরোলাক ইনজেকশন, অনডানসেট্রন ইনজেকশন, সেফট্রিয়াক্সোন, সেফটাজিডিম ও মেরোপেন ইনজেকশনের দাম উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। মনটিলুকাস্ট ট্যাবলেটের দাম ১০ টাকা ৬৭ পয়সা থেকে কমিয়ে পাঁচ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া গ্রামীণ ক্লিনিকে তালিকাভুক্ত ৩২টির মধ্যে ২২টি ওষুধের দামও কমানো হয়েছে, যার মধ্যে রয়েছে অ্যান্টাসিড, প্যারাসিটামল, সালবিউটামল, অ্যালবেনডাজল, ক্লোরামফেনিকল আই ড্রপ, মেটফর্মিনসহ নানা ওষুধ।

কর্মী ছাঁটাই প্রসঙ্গে সামাদ মৃধা জানান, উৎপাদনক্ষমতার তুলনায় ইডিসিএলে দুই হাজারের বেশি অতিরিক্ত জনবল ছিল, যাদের মধ্যে অনেকে অদক্ষ বা জাল সনদধারী। কাজ না করার অভিযোগে ৭২২ জনকে ছাঁটাই করা হয়েছে। তিনি আরও জানান, প্রতিষ্ঠানটির স্বার্থে আরও এক হাজারের বেশি জনবল কমাতে হবে।

This post was viewed: 36

আরো পড়ুন