Skip to main content

Ridge Bangla

বাংলাদেশের কৃষিতে অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি দিতে আগ্রহী চীন

বাংলাদেশের কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বুধবার (৩০ জুলাই) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের অফিস কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে চীনা রাষ্ট্রদূত বাংলাদেশের কৃষি খাতে অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি হস্তান্তরের আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি দুই দেশের মধ্যে কৃষিপণ্য রপ্তানি, প্রযুক্তি বিনিময়, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়সহ পারস্পরিক সহযোগিতার নানা বিষয়ে আলোচনা হয়।

বৈঠকের শুরুতে উপদেষ্টা রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, চীন বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন অংশীদার এবং দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ইতিহাস অর্ধশতাব্দীরও বেশি সময়ের। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এই সম্পর্ক আরও গভীর ও সুদৃঢ় হবে।

এ সময় উপদেষ্টা চলতি মৌসুমে বাংলাদেশ থেকে আম আমদানির জন্য চীন সরকারকে ধন্যবাদ জানান এবং আগামীতে কাঁঠাল, সুগন্ধি চালসহ অন্যান্য কৃষিপণ্য আমদানির বিষয়েও চীনকে অনুরোধ করেন। এছাড়া তিনি বাংলাদেশের কৃষির আধুনিকায়নে যান্ত্রিকীকরণ প্রযুক্তি হস্তান্তর, আধুনিক কোল্ড স্টোরেজ স্থাপন এবং কৃষকদের প্রশিক্ষণে সহযোগিতার আহ্বান জানান।

জবাবে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, চীন বাংলাদেশের কৃষি খাতে যৌথভাবে কাজ করতে আগ্রহী। তিনি বলেন, তার দেশ কৃষিতে ড্রোন প্রযুক্তি হস্তান্তর, নিরাপদ খাদ্য উৎপাদন, সার কারখানা স্থাপনসহ আরও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।

This post was viewed: 69

আরো পড়ুন